গত দুইদিনে ফের বরফে ঢেকেছে কাশ্মীরের শ্রীনগর। এতে নতুন করে বরফের সাদা কাপড় মাথায় দিয়ে জেগে উঠেছে স্থানীয় বাসিন্দারা। স্বাদ পেয়েছে ভরা বসন্তে তুষারপাতের। তবে ভোগান্তি বেড়েছে তাদের। বন্ধ হয়েছে রাস্তাঘাট, বন্ধ হয়েছে বিদ্যুত ব্যবস্থা, এমনকি পত্রিকা আনা নেয়ার কাজও হয়েছে বন্ধ। থেমে গেছে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার আনন্দ। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এদিন শ্রীনগরে প্রায় ৩ ইঞ্চি উচ্চতায় জমেছে বরফ। যখন উত্তর কাশ্মীর এলাকায় গুলমার্গ পর্যটন এলাকায় জমেছে দেড় ফুট উচ্চতায় তুষারের স্তর। সকাল পর্যন্ত পাহালগাম আবাসিক এলাকায় বরফ রেকর্ড হয়েছে এক ফুট। এছাড়া সেই সাথে চলছে প্রবল বৃষ্টিপাত। গতকাল সন্ধ্যায় শ্রীনগরে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৪৬ দশমিক ৩ মিলিমিটার।
কাশ্মীরের পর্যটন বিভাগ জানিয়েছে, বসন্ত সমাগম হওয়ার পর থেকে এখানে তুষারপাত কমতে থাকে । কিন্ত শনিবার সন্ধ্যা  থেকেই হালকাভাবে শুরু হয় এই তুষার পাত। এরপর যতই সময় পার হয় ততই এর বেগ বাড়তে থাকে।  ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার অধিবাসীসহ পর্যটকদের। বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার শিশু শ্রেণী থেকে শুরু করে ৮ম শ্রেণী শিক্ষা প্রতিষ্ঠান।
৩ মাস শীতকালীন ছুটি থাকার পর এসব স্কুল খুলে দেওয়া হয় চলতি মাসের ৩ তারিখে।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]