সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীগোষ্ঠী ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনীর উপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বিষয়টি মস্কোর কাছে ওয়াশিংটন তুলে ধরবে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সিরিয়ার আল-তানফের কাছে রুশ বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, সেখানে ওই হামলার সময় রুশ অথবা সিরিয়ার পদাতিক বাহিনী ছিল না। ফলে আত্মরক্ষার তাগিদে এই হামলা চালানো হয়েছে বলে দাবির কোনো সুযোগ নেই।

ওই কর্মকর্তা আরো বলেন, “সাম্প্রতিক এই হামলার ফলে রাশিয়ার উদ্দেশ্য সম্পর্কে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, “কেন এই অভিযান চালানো হল, এ ব্যাপারে আমরা রাশিয়ার কাছ থেকে এর ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না সেই নিশ্চয়তাও চাইবো।”

গেল বছরের সেপ্টেম্বরে রাশিয়া সিরিয়ায় বিমান হামলা চালানো শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকবার যৌথভাবে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবেই তা প্রত্যাখ্যান করে আসছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার এই অভিযান সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে টিকিয়ে রাখার জন্যই।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল।

পরস্পরের বিরুদ্ধে দুর্ঘটনাবশত লড়াইয়ে জড়িয়ে পড়া রোধেই সিরিয়ায় মার্কিন ও রুশ বাহিনী সীমিত পরিসরে যোগাযোগ রক্ষা করে চলছে।

এফএফ