তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ায় একটি নো ফ্লাই জোন প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, সিরিয় বিমান বাহিনীর হামলা থেকে দেশটির অংশ বিশেষ রক্ষার জন্য এ ধরনের নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করা জরুরি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। এরদোগান জোর দিয়ে বলেন, সিরিয়ায় অবশ্যই নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে হবে এবং তার নিরাপত্তাও দিতে হবে।
তুর্কি প্রেসিডেন্ট জানান, বিষয়টি নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন।
তিনি বলেন, "নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে হবে তুরস্কের সীমান্তে যেখানে সরকার বিরোধীদের হামলার ফলে বহু মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।"
এরদোগান জানান, তার দেশ মার্কিন নেতৃত্বাধীন চলমান ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানে অংশ নেবে কি না সে বিষয়ে পার্লামেন্টে অক্টোবরের প্রথম দিকে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





