ফিলিস্তিনের গাজা এখন ইসরায়েলি হামলায় ক্ষত-বিক্ষত। এরইমধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদেরকে চলে যেতে বলেছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ রোববার এ কথা জানিয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
ইসরায়েলি কর্তৃপক্ষের এ ঘোষণার পর হাজারো ফিলিস্তিনি ওই এলাকা ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তবে ইসরায়েলের সঙ্গে সীমান্ত সংলগ্ন ওই এলাকা থেকে পালিয়ে কোথায় যাবেন এ নিয়ে বেশ অস্থিরতায় ভুগছেন অনেক ফিলিস্তিনি।
বেইত লাহিয়া থেকে অনেক ফিলিস্তিনি বাড়িঘর ছেড়েছেন। তবে পথিমধ্যে তারা নানান সমস্যার শিকার হচ্ছেন। কারণ, তাদের ঠিক উল্টো দিকে অর্থাৎ গাজার দক্ষিণ পাশে মিসরের সঙ্গে রাফাসীমান্ত রয়েছে। তাদের এ সীমান্তে আসতে হলে মধ্যগাজা পার হয়ে আসতে হবে।এতে প্রতিনিয়ত রয়েছে মৃত্যুর ভয়। মূলত মধ্য গাজাতেই হামাস সদস্যদের লক্ষ্যকরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এদিকে হামলার ষষ্ঠ দিন রোববার পর্যন্ত ১৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরমধ্যে রোববার একই পরিবারের ১৮ জন নিহত হয়েছেন।
ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই বলেছেন তার দেশ বিদেশি চাপ সত্ত্বেও হামলা অব্যাহত রাখবে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। সূত্র: বিবিসি
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ