ওবামা প্রশাসন বলেছে, ইরানের সঙ্গে চলমান পরমাণু আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বেঠিক তথ্য প্রকাশ করছে ইসরাইল। হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেস্ট সাংবাদিকদের এ কথা বলেছেন।
তিনি বলেন, পরমাণু আলোচনায় আমেরিকার অবস্থান তুলে ধরে ইসরাইল যে সব কথা বলেছে তা সঠিক নয়। এ নিয়ে প্রশ্নের অবকাশ নেই বলেও জানান তিনি।
আর্নেস্ট অভিযোগ করেন, মার্কিন অবস্থানকে বিকৃত করে উপস্থাপন করা যায় বাছাই করে এমন সব গোয়েন্দা তথ্যকেই প্রকাশ করছে ইসরাইল।
পরমাণু চুক্তির বিষয়ে প্রকাশ্য আলোচনা করা আমেরিকার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু তথ্য বাছাই করে নেয়া হচ্ছে এবং আলোচনায় মার্কিন অবস্থানকে বিকৃত করার জন্য সেগুলো মূল বক্তব্য থেকে সরিয়ে অব্যাহত ভাবে তুলে ধরা হচ্ছে।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে এক যুগের পুরানো সংকট নিরসনের লক্ষ্যে ইরান এবং ছয় জাতিগোষ্ঠী আলোচনা চালিয়ে যাচ্ছে । জার্মানি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচস্থায়ী সদস্য চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকাকে নিয়ে গঠিত হয়েছে ছয় জাতিগোষ্ঠী।
পরমাণু সংকট নিরসনে ওবামা প্রশাসন ইরানের সঙ্গে কথিত “খারাপ চুক্তি” করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন কর্মকর্তা।সূত্র: আইআরবি।
ইআর





