ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজায়ী বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ধ্বংসের মুখে চলে গেছে।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র ৩৩ দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয় বার্ষিকীতে পাঠানো বার্তায় তিনি এ মন্তব্য করেন। প্রতি বছর ১৪ আগস্ট ২০০৬ সালের ওই যুদ্ধের বিজয় বার্ষিকী পালিত হয়।
হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ'র কাছে গতকাল পাঠানো বার্তায় মোহসেন রেজায়ী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ঐতিহাসিক ও মহান বিজয় বার্ষিকীতে অভিনন্দন জানান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলে অনিবার্য ধ্বংসের পথে রয়েছে। শিশু হত্যাকারী দখলদার দানবের বিরুদ্ধে প্রতিরোধই একমাত্র কার্যকর অস্ত্র।
১৪ আগস্ট ইরানে 'ইসলামি প্রতিরোধ দিবস' উদযাপিত হয় বলেও জানান তিনি।
ইহুদিবাদী ইসরাইল ২০০০ এবং ২০০৬ সালে দু’দফা লেবাননের বিরুদ্ধে লড়াই করেছে। ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ১২০০ লেবাননি নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক নিরীহ মানুষ। তবে, উভয় যুদ্ধে পরাক্রমশালী হিজবুল্লাহ যোদ্ধাদের মোকাবেলায় কোনো লক্ষ্য অর্জন ছাড়াই পিছু হটতে বাধ্য হয় ইসরাইলি সেনাবাহিনী।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





