আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয়কন্যা নেপাল। এ ঘটনায় দেশটিতে অন্তত ৪২ জন নিহত ও সহস্রাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যে ১৭ জন নিহত হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত। এতে নেপালে বেশ কয়েকট ভবন ধসেরও ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূ-পৃষ্ঠ থেকে ১৮.০৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

মূল ভূমিকম্পের পরবর্তী ৪০ মিনিটে চারবার দফা পরাঘাত (আফটার শক) অনুভূত হয়। এর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিলো ৬.১।

এ ঘটনায় ৪২ জন নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আহত হয়েছে এক হাজার ৬ জন।

এএইচ