কুর্দি যোদ্ধাদের সহযোগিতায় এবার বিমান থেকে অস্ত্র-গোলাবারুদ ও চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠাচ্ছে আমেরিকান সেনাবাহিনী। আমেরিকার কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, সি-১৩০ বিমান থেকে ইরাকের কুর্দিদের সহযোগিতার জন্য বেশ কয়েকবার বিমান থেকে সহায়তা সামগ্রী পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় কমান্ড তাদের বিবৃতিতে জানায়, কোবানে ইসলামিক স্টেট জঙ্গিদের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে কুর্দিদের সহযোগিতার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিমান থেকে অস্ত্র-গোলাবারুদ ও চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠানো হয়েছে। সহায়তা কাজে অংশ নেয়া বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।
কোবানে শহরে আই এস জঙ্গিদের মোকাবেলায় ১৩৫ বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে আমেরিকা।
বিবৃতিতে বলা হয়, কোবান শহরে অব্যাহত বিমান হামলার কারণে শহরটিতে আইএস এর তৎপরতা কমে এসেছে। আমাদের হামলায় শতাধিক আইএস যোদ্ধা নিহত হয়েছে, তাদের স্থাপনা ধ্বংস হয়েছে।
এদিকে গতকাল রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান বলেন, "কুর্দি যোদ্ধাদের সহযোগিতায় আমেরিকার কোনো অস্ত্র সহযোগিতা মেনে নেবে না তুরস্ক।"- বিবিসি।
ইআর





