পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটায় শহরের একটি ভোটকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ৫ জন পুলিশ সদস্যও রয়েছে।
কুয়েত্তার পূর্ব বাইপাস এলাকার একটি ভোটকেন্দ্রের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ভ্যানকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
সকালে ভোটগ্রহণ শুরুর পর এই প্রথম কোনো হামলার ঘটনা ঘটল। এর আগে অবশ্য দুই দলের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুলিতে পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।
পাকিস্তানের সংবাদপত্র ডন বলছে, হামলার ধরন দেখে মনে হচ্ছে, পুলিশের ভ্যানকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। বেসামরিক একটি হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বাইগের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, হামলায় ২৮ জন নিহত এবং দুই ডজনের বেশি আহত হয়েছে।
নিহতদের মধ্যে ৫ পুলিশ সদস্য ও শিশুও রয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬০ নম্বর আসনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটিকে স্বাভাবিকভাবেই স্পর্শকাতর মনে করা হয়। গত ১৫ বছরে ওই এলাকায় বেশ কিছু টার্গেট কিলিং ও বোমা হামলার ঘটনা ঘটেছে।
পাক গণমাধ্যমে বলা হয়েছে, সাড়ে ১০ কোটির বেশি পাকিস্তানি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৯২ লাখ ২৪ হাজার ২৬৩ জন এবং নারী ভোটার ৪ কোটি ৬৭ লাখ ৩১ হাজার ১৪৬ জন।
দেশটির চারটি প্রদেশে ৮৫ হাজার ৩০৭টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ১৭ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনি জটিলতার কারণে ৮টি আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি)।
ন্যাশনাল অ্যাসেম্বলি ও প্রাদেশিক পরিষদে মোট ৮৪৯টি আসনের বিপরীতে ১২ হাজার ৫৭০টি জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলির ২৭২টি আসনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আর ৭০টি আসন সংরক্ষিত রয়েছে। এর মধ্যে ৬০টি নারীদের জন্য এবং ১০টি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। ১৭২টি আসনে বিজয়ী হলে কোনো দল সরকার গঠন করতে পারবে।
সকাল ৮টা ৭ মিনিটে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ লাহোরে নিজ এলাকায় ভোট দিয়েছেন। স্থানীয় মডেল টাউন কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, দেশবাসী তার দলকে বিজয়ী করলে পাকিস্তানের ভাগ্য পরিবর্তনে কাজ করা হবে।
নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে দেশটির নির্বাচন কমিশন দেশব্যাপী সাড়ে চার লাখ পুলিশ সদস্য এবং তিন লাখ ৭০ হাজার সেনা সদস্য মোতায়েন করেছে।
এদিকে, জাতীয় নির্বাচন উপলক্ষে গোটা পাকিস্তানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
জেড





