গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়া থেকে লাটভিয়ার সাবেক একজন সংসদ সদস্য আলেকসেজ হলোস্তোভ কে বহিষ্কার করা হয়েছে। রাশিয়ার টেলিভিশন চ্যানেল এনটিভি এ খবর দিয়েছে।
টিভি চ্যানেলটিতে ওই খবর প্রচার হওয়ার পর হলোস্তোভ বিস্ময় প্রকাশ করেছেন। লাটভিয়ার সাবেক সংসদ সদস্যকে রাশিয়া থেকে বহিষ্কারের ঘটনা সোভিয়েত ইউনিয়ন আমলের শীতল যুদ্ধের মতো পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।
তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, তাকে গোয়েন্দা বলে আখ্যায়িত করা হয়েছে কিনা তিনি তা জানেন না।
রুশ টিভি চ্যানেলে সম্প্রচারিত এক প্রতিবেদনে দেখানো হয়েছে যে, হলোস্তোভ লাটভিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন যার অর্থই হচ্ছে প্রকারান্তরে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করছেন।
টিভি চ্যানেলটি দৃশ্যত গোপন ক্যামেরার সাহায্যে ওই ফুটেজ সংগ্রহ করেছে যাতে হলোস্তোভকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি সাত অথবা আট বছর আগে নিয়োগ পেয়েছেন।
তিনি আরো বলেছেন, রুশ কর্মকর্তা ও সংসদ সদ্যদের ওপর গোয়েন্দাগিরির জন্য তাকে হুমকির মুখে বাধ্য করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন ইস্যুতে গোলযোগ ছড়িয়ে পড়লে রাশিয়া ও বাল্টিক দেশগুলোরমধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারলিস এইহেনবম দেশটির একটি রেডিও চ্যানেলকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ধরনের বহিষ্কারের পদক্ষেপ রাশিয়ার কাছ থেকে আশা করা হয় নি।
তিনি বলেন, রাশিয়ার এ আচরণ খুবই দুঃখজনক। এর আগে, গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে জার্মানি ও রাশিয়া পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে।
ইআর





