জাপানের উত্তরাঞ্চলের উপকূলে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর ২০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২০১১ সালে এই পারমাণবিক কেন্দ্রটিতে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে চরম বিপর্যয় তৈরি হয়েছিল।

টোকিওর উত্তরাঞ্চলে ফুকুশিমা উপকূলের সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে শনিবার সকালের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে জাপানের আবহাওয়া দফতর।

দেশটির উত্তরাঞ্চলের সমুদ্র উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

ভূমিকম্পের কারণে ফুকুশিমার দাই-ইচি পারমানবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে।

প্রসঙ্গত, ২০১১ সালে আঘাত হানা ভূমিকম্প ও সুনামিতে তৈরি হওয়া বিপর্যয়ে ফুকুশিমা এলাকার প্রায় ১৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সূত্র : রয়টার্স, এপি।

ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস