ইরান নিজস্ব প্রযুক্তিতে এস-৩০০ সমমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ শেষ করেছে। রাশিয়া এস-৩০০  সরবরাহ করতে অস্বীকার করার পর ইরান এর সমমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির সিদ্ধান্ত নেয়। ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটির নাম দেয়া হয়েছে 'ববার-৩৭৩'।

বার্তা সংস্থা 'ফার্স আজ (শুক্রবার) ইরানের দীর্ঘপাল্লার 'ববার-৩৭৩' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ছবি প্রকাশ করেছে। এর মাধ্যমে বিশ্বের কাছে ইরানি সশস্ত্র বাহিনীর স্বনির্ভর হয়ে ওঠার বার্তা পৌঁছে দেয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইল বলেছিলেন, নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্মাণ ২০১৫ সালের মার্চের মধ্যে শেষ হতে পারে।

২০০৭ সালে সই করা এক চুক্তির আওতায় রাশিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানে সরবরাহ করার কথা ছিল। কিন্তু ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত চতুর্থ দফা নিষেধাজ্ঞার আওতায় এ চুক্তি পড়েছে দাবি করে এটি সরবরাহ করতে অস্বীকার করে মস্কো।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে ।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ