ভারতের বিজেপি শাসিত আসাম এক উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে পুলিশের গুলিতে এক মহিলাসহ দুই জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন আঞ্জুমা খাতুন এবং ফকরুদ্দিন। আহতদের জাখলাবান্ধা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সোমবার আসাম পুলিশ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বসতি উচ্ছেদে বাধার সম্মুখীন হলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি, কাঁদানে গ্যাস এবং গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের এক কর্মকর্তা অবশ্য গুলিতে নিহত হওয়ার কথা অস্বীকার করেছেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় ওই সকল পরিবার অবৈধভাবে বাস করছিল বলে অভিযোগ।
উচ্ছেদ হওয়া পরবারের লোকজনদের দাবি ছিল, ক্ষতিপূরণ পেলে তারা ওই এলাকা ছেড়ে চলে যাবেন। তাদের হয়ে কৃষক মুক্তি সংগ্রাম পরিষদের নেতা অখিল গগৈ পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি করেছিলেন। অসম সরকার নগাঁও জেলার বান্দেরডুবি এবং দেওছারাং এলাকা থেকে ৩৫০ টি পরিবারকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ক্ষতিপূরণ না পেয়ে তারা সংশ্লিষ্ট এলাকা ছেড়ে যেতে রাজি না হয়ে ওইসব পরিবারের পক্ষ থেকে অবরোধ সৃষ্টি করাসহ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।
উচ্ছেদ অভিযানে বাড়িঘর গুঁড়িয়ে দিতে হাতি, বুলডোজার এবং রোলার ব্যবহার করা হয়। অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্ছেদ অভিযানে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে ওই অভিযানকে ‘অমানবিক’ বলে অভিহিত করে রাজ্যজুড়ে জাতীয় সড়ক ঘেরাও করার ডাক দেয়া হয়।
জেড





