ইসরাইলের সঙ্গে দেড় হাজার কোটি ডলারের গ্যাস চুক্তি সই করেছে মিশর। চুক্তি অনুসারে আগামী ১০ বছর ধরে ইসরাইল মিশরকে ৬ হাজার ৪০০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে।
ইসরাইলের ডেলেক ড্রিলিং কোম্পানি ও আমেরিকার নোবেল এনার্জি সোমবার জানিয়েছে, তারা মিশরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে। এ দুই কোম্পানি সমুদের দুটি গ্যাসক্ষেত্র থেকে মিশরের ডলফিনাস হোল্ডিংস কোম্পানিকে এই গ্যাস সরবরাহ করবে।
ডেলেক ড্রিলিংয়ের প্রধান নির্বাহী ইয়োসি আবু চুক্তি সইয়ের ঘটনাকে কায়রো ও তেলআবিবের জন্য ‘বিরাট খবর’ বলে আখ্যায়িত করেছেন।
তিনি জানান, এটি হচ্ছে ইসরাইলের গ্যাস কোম্পানির জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি।
ইয়োসি আবু আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, এ চুক্তির মাধ্যমে মিশর হয়ে উঠতে পারে ইসরাইলের গ্যাস রপ্তানির সবচেয়ে বড় কেন্দ্র।
তিনি বলেন, “এটি হচ্ছে প্রথম চুক্তি, আরো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এমবি





