আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গনি ন্যাটো দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে নতুন মনোভাব প্রকাশ করেছেন। তিনি আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে নিহত বিদেশী সৈন্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হামিদ কারজাই। আফগানিস্তানে ২০০১ সাল থেকে যুদ্ধ চালিয়ে আসা ন্যাটো বাহিনী আফগানদের অনেক দুঃখের কারণ হয়েছে এবং এ বাহিনী দেশটিতে নিরাপত্তা আনতে ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করে কারজাই যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ন্যাটোভুক্ত অন্যান্য দেশের বিরাগভাজন হন।

কাবুলে শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের পাশে দাঁড়িয়ে গনি বলেন, আফগানিস্তানে দায়িত্বরত ন্যাটো বাহিনী বিশ্বকে অন্যতম নিরাপদ জায়গায় পরিণত করেছে।

তিনি বলেন, ‘আমি ওইসব পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানচ্ছি যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। এসব সৈন্য আফগান সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। আমরা তাদের স্মরণে রাখবো।’

উল্লেখ্য, গনি যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ শুরু করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রর সঙ্গে দীর্ঘ বিলম্বিত সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী প্রায় ১২ হাজার বিদেশী সৈন্য আফগান সেনাবাহিনী ও পুলিশকে প্রশিক্ষণ দেয়ার লক্ষে দেশটিতে ২০১৫ সাল পর্যন্ত অবস্থান করতে পারবে।

উল্লেখ্য, চুক্তিটিতে স্বাক্ষরের বিষয় নিয়ে কারজাইয়ে সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব শুরু হয়।

এসএমএ