অধিকৃত পশ্চিম তীরের ইহুদি স্থাপনার কাছে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের কিরিয়াত আরবা বসতি এলাকায় এ ঘটনা ঘটে।

ইসরাইলি সেনাদের দাবি, ওই নারী তার গাড়ি দিয়ে পার্ক করে রাখা অন্য একটি গাড়িতে আঘাত হানেন, এতে দুজন ইসরাইলি আহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিরিয়াত আরবা বসতির প্রবেশমুখে ওই নারী থেমে থাকা একটি গাড়িতে তার গাড়ি নিয়ে সবেগে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে থাকা দুজনকে হত্যাচেষ্টা করেন। এতে ওই দুজন গুরুতর আহত হন। তাদেরকে জেরুজালেমে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী নারীর নাম মাজদ আল-খুদুর। তিনি বনী নাঈম শহরের বাসিন্দা। তবে মন্ত্রণালয় তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি।    

উল্লেখ্য, গত ৯ মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ছুরিকাঘাত, গুলি, গাড়ি চালিয়ে ইসরায়েলিদের ওপর হামলার বেশ কিছু ঘটনা রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিনা উসকানিতে গুলি চালিয়ে ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ রয়েছে।

সূত্র: আলজাজিরা