ইয়েমেনে কর্মরত বাংলাদেশীদের উদ্ধারে সহায়তা করবে ভারত। দেশটিতে প্রায় আড়াই হাজার বাংলাদেশী নাগরিক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন।

সশস্ত্র শিয়া বিদ্রোহীগোষ্ঠী হুথি এবং নির্বাচিত সরকারের মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ায় ইয়েমেনে কর্মরত বাংলাদেশীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এই পর্যায়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভারত সরকার সহায়তা করতে সম্মত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিকেলে এ তথ্য জানায়।

জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘ইয়েমেন থেকে বাংলাদেশীদের উদ্ধারে ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। ভারত সরকার সহায়তা করতে সম্মত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমে বাংলাদেশী নাগরিকদের চিহ্নিত করা হবে। তারপর ভারতের নাগরিকদের উদ্ধারের জন্য ইয়েমেনে পাঠানো জাহাজে বাংলাদেশীদেরও নেওয়া হবে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বিক বিষয় দেখভাল করছে।’

জানা গেছে, ভারতীয় নাগরিকদের উদ্ধারে একটি জাহাজ ইয়েমেনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এডেনে পৌঁছার কথা।

ইআর