পুলিশের নিপীড়নের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি নগরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার নিউইয়র্কসহ বড় বড় নগরে বিক্ষোভকারীরা পুলিশের বৈষম্যমূলক আচরণ বন্ধ করার দাবি জানিয়েছেন। নিউইয়র্কে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

গত ৪ এপ্রিল সাউথ ক্যারোলাইনাতে ওয়াল্টার স্কট নামের এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। সম্প্রতি মিসৌরী, নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে কৃষ্ণাঙ্গরা পুলিশের হামলার শিকার হলে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। নতুন করে সাউথ ক্যারোলাইনাতে ওয়াল্টার স্কট নিহত হওয়ার পর নতুনভাবে বিক্ষোভ শুরু হয়। উদারনৈতিক নাগরিক সংগঠনগুলো গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বিভিন্ন রাজ্যে ঢালাওভাবে কৃষ্ণাঙ্গরা পুলিশের বৈষম্যমূলক আচরণের শিকার বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর থেকে নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারে বিক্ষোভকারীরা জমায়েত হতে শুরু করেন। পুলিশের বর্বরতার বিরুদ্ধে ব্যানার, ফেস্টুনসহ প্রতিবাদকারীরা আশপাশের সড়ক পথে অবস্থান গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কৃষ্ণাঙ্গ বুদ্ধিজীবী করণেল ওয়েস্ট এ সময় সমাবেশে বলেন, ‘ক্ষমতার উচ্চপদে কালো মুখ দেখে আমাদের বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই।’ কৃষ্ণাঙ্গ ক্ষমতাবান প্রেসিডেন্ট বারাক ওবামা, অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার এবং হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জে জনসনকে লক্ষ্য করে করণেল ওয়েস্ট তাঁর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‌‌'ক্ষমতাবান কৃষ্ণাঙ্গ নেতারা থাকার পরও গত সাত বছরে পুলিশের গুলিতে বহু কালো ও বাদামি চামড়ার লোকজনকে প্রাণ দিতে হয়েছে। অথচ এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী কোন পুলিশকে কারাগারে যেতে হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিউইয়র্কে সড়কপথে বিক্ষোভ শুরু হলে কর্মদিনের ব্যস্ত বিকেলে ব্যাপক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। জনতা শোভাযাত্রা নিয়ে ব্যস্ত ব্রুকলিন ব্রিজে উঠতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভ শোভাযাত্রা থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এ ঘটনায় আহত দু’জন পুলিশ কর্মকর্তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে গণগ্রেপ্তার শুরু করলে উত্তেজনা দেখা দেয়। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩৪ জনকে নিকটবর্তী পুলিশ প্রিসিংক্টে নিয়ে যাওয়া হয়েছে।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের নামে পুলিশের ওপর হামলা কিছুতেই সহ্য করা হবে না।

এএইচ