এক বছরেরও বেশি সময় পরে মিশরের কারাগার থেকে মুক্তি পেলেন আল জাজিরার দুই সাংবাদিক। শুক্রবার তারা কারাগার থেকে ছাড়া পান। গতকাল বৃহস্পতিবার আদালত তাদের মুক্তির নির্দেশ দেয়। খবর আল জাজিরা ও ডনের।

মুক্তি পাওয়া আল জাজিরার দুই সাংবাদিক হলেন কানাডার নাগরিক মোহামেদ ফাহমি এবং মিশরের নাগরিক বাহের মোহামেদ। সামরিক সরকার দ্বারা নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের কথিত অভিযোগে তাদের বিরুদ্ধে এখনো বিচার চলছে।

সাংবাদিক মোহামেদ ফাহমির ভাই আদেল মজা করে টুইটারে একটি টুইট করেছেন, "থানা থেকে আমার ভাই ছাড়া পেয়েছেন। তাকে আবার আটক করার আগেই আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি!"

আগামী ২৩ ফেব্রুয়ারি ফাহমি ও বাহেরকে আবারো আদালতে হাজির হতে হবে। গতমাসে আদালত আদেশ দেয় যে, আসামিরা তাদের পক্ষে যে যুক্তি উত্থাপন করেছে তা যথাযথ নয়।

উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের অভিযোগে আল জাজিরার তিন সাংবাদিক মোহামেদ ফাহমি, বাহের মোহামেদ এবং পিটার গ্রেস্টেকে আটক করে মিশরের পুলিশ। আল জাজিরার ওই তিন সাংবাদিক মিশরে দায়িত্বরত ছিলেন। এদের মধ্যে পিটার গ্রেস্টে অস্ট্রেলিয়ার নাগরিক।

এই তিন সাংবাদিককে ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয় মিশরের সামরিক সরকারের আদালত। কাতারভিত্তিক আল জাজিরার প্রতি ব্যাপক রোষ রয়েছে মিশরের সামরিক সরকারের। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতায় বসায় কাতারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে দেশটির।

আল জাজিরার সাংবাদিকদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তাদের মতো দেশটিতে আটক সব সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি।

এমএ