ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় দাবি পূরণ না হলে তার দেশ পরমাণু চুক্তি সই করবে না।

তিনি গতরাতে বলেন, ইরান সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে আলোচনা চালিয়ে যাবে তবে পরমাণু অধিকার বিসর্জন দেবে না।

ইরানের শীর্ষ পর্যায়ের এ পরমাণু আলোচক জানান, ইস্যুতে দু পক্ষের মধ্যে সমঝোতা সত্ত্বেও বেশকিছু ক্ষেত্রে গভীর মতভেদ রয়ে গেছে। এর মধ্যে অন্যতম বড় জটিলতা হচ্ছে পরমাণু চুক্তি হওয়ার পর কখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে সে সময়সূচি নিয়ে মতবিরোধ।

আব্বাস আরাকচি বলেন, খুব সম্প্রতি আমেরিকা তেহরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা জেনেভায় স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ইরান নিশ্চিতভাবে জবাব দেবে বলেও তিনি উল্লেখ করেন।

গত ২৯ আগস্ট আমেরিকা নতুন করে ইরানের ২৫ ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারপরও ইরান সদিচ্ছা দেখিয়ে পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা করে যাচ্ছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ