ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে ‘কেন্দ্রীয় সরকারের অস্ত্র ও নোংরা রাজনীতির বিভাগ’ বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর গোপালকৃষ্ণ গান্ধী।
মঙ্গলবার দিল্লিতে সিবিআইয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘১৫ তম ডিপি কোহলি স্মারক বক্তৃতা'  অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহাত্মা গান্ধীর দৌহিত্র ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের চেয়ারম্যান গোপাল কৃষ্ণ গান্ধী।  তিনি বলেন,  “সিবিআই সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারনা আছে। তবে এটা আত্মতৃপ্তির নয়। সততার সহচরের পরিবর্তে সিবিআইকে সবাই সরকারের অস্ত্রের চোখে দেখে। বর্তমানে সিবিআই’য়ের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে ডিডিটি বা ডিপার্টমেন্ট অব ডার্টি পলিটিক্স (নোংরা রাজনীতির বিভাগ)।"
সিবিআইয়ের ডিরেক্টর রঞ্জিত সিনহাসহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই গোপালকৃষ্ণ গান্ধী সংস্থার তীব্র সমালোচনা করে বলেন, “সিবিআই সরকারের ‘নোংরা খেলার' হাতিয়ারে পরিণত হয়েছে। ‘সরকারের দুর্বৃত্ত' হিসেবেই কুখ্যাতি অর্জন করেছে সিবিআই। অনেকটা যেন ‘অস্বচ্ছতা'র মোড়কে ঢাকা রহস্যাবৃত এক সংস্থা।”
এর আগে এক ঐতিহাসিক রায়ে সিবিআই’কে ‘খাঁচায় বন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ করেছিল সুপ্রিম কোর্ট। এছাড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি সিবিআইয়ের সমালোচনা করে  বলেছিলেন, এই তদন্তকারী সংস্থা আসলে ‘কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন'।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই।
[/b]