[b]কায়রো:[/b] "আমি এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। আপনি কে?" মঙ্গলবার আদালতে বিচারকের দিকে এ প্রশ্ন ছুঁড়ে দেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। খবর বিবিসির।
মঙ্গলবার ছিল তার বিরুদ্ধে কথিত জেল পালানো মামলার শুনানি। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।
সেনা নিয়ন্ত্রিত দেশটির আদালতে তার বিচার শুরু হয়। আদালতে শব্দ নিরোধক একটি কাচের ঘরে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকদেরকে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার দেয়া হয়। তখনই মোহাম্মদ মুরসি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, "আমি এই প্রজাতন্ত্রের (মিশরের) প্রেসিডেন্ট। আমাকে কোন বিবেচনায় সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখা হয়েছে?"  
এ সময় মুরসির সামনের মাইক্রোফোনটি বন্ধ করে দেয়া হয়। কিন্তু মুরসি তার কথা চালিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবিসি ওয়ার্ল্ডের মিশর প্রতিনিধি আবদেল বাসির হাসান।
এরপর তিনি বিচারকের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, "আপনি কে, কে আপনি?"
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ জুলাই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এরপর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা চলে আসছে। মুরসি সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালিয়ে এ পর্যন্ত বেশ কয়েক হাজার মানুষকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ [/b]