আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের যুদ্ধ তৎপরতা অব্যাহত রাখার গোপন নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সই করা একটি গোপন নির্দেশে দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের যুদ্ধ তৎপরতা ২০১৫ সাল পর্যন্ত অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
এখন থেকে কয়েক সপ্তাহ আগে এ নির্দেশ দেয়া হয়েছে। আফগান সরকার বা মার্কিনিদের জন্য হুমকি হতে পারে তালেবানসহ এমন যে কোনো গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে এতে।
গোপন এ নির্দেশে বলা হয়েছে, মার্কিন বা আফগান পদাতিক সেনারা কোনো অভিযান শুরু করলে প্রয়োজন অনুযায়ী মার্কিন জঙ্গি বা বোমারু বিমান এবং ড্রোন দিয়ে সহায়তা করা হবে। অভিযান চালানোর জন্য মার্কিন পদাতিক সেনারা আফগান সেনাদের সঙ্গে যোগ দিতে পারবে এবং তাদের সহায়তা করার জন্য প্রয়োজন অনুযায়ী বিমান হামলা করা হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যুদ্ধ তৎপরতা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু নতুন এ নির্দেশ অনুযায়ী মার্কিন বাহিনীর যুদ্ধ তৎপরতা বাড়ানো হলো।
এমএ





