প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে বাণিজ্য, স্বাস্থ্য এবং সমকামীদের অধিকারের ওপর বেশ কয়েকটি ঐতিহাসিক সফলতা পেয়েছেন। তাই অনেকে মনে করছেন এটিই তার জীবনের সেরা সপ্তাহ। কিন্তু ওবামা মনে করেন, যে সপ্তাহে তিনি মিশেলকে বিয়ে করলেন সেটিই তার জীবনের সেরা সপ্তাহ।
বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন,‘আমি আপনাদের বলছি, মিশেলকে বিয়ে করাটা ছিল আমার জীবনের সেরা ঘটনা। তাই ওই সপ্তাহটি ছিল সেরা সপ্তাহ। মালিয়া আর সাশার জন্মের দিন দুটিও আমার জন্য বিশেষ দিন। সত্যি, সেগুলো ছিল চমৎকার সপ্তাহ।’
গত সপ্তাহে তার সরকারের হেল্থ কেয়ার এবং সমকামী অধিকারের ওপর গৃহীত নীতি সমর্থন করে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রেসিডেন্ট ওবামা বলেন,‘আমার জীবনে এরকম সেরা সপ্তাহ আরো এসেছে। তবে গত সপ্তাহ নিয়ে আমি দারুন খুশী। কেননা আমরা যে বাণিজ্য আইনের প্যাকেজটি পেয়েছি তা থেকে ভবিষ্যতে আমেরিকার ব্যবসায়ী, শ্রমিক এবং সাধারণ জনগণ উপকৃত হবে।
তিনি আরো স্বীকার করেন, ক্ষমতায় আসার পর এটিই তার সেরা সময়। কেননা গত সপ্তাহে একসঙ্গে অনেকগুলো বিষয়ে সফল হয়েছে তার সরকার। বুধবারের ওই যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিলের সফররত প্রেসিডেন্ট দিলমা রৌসেফও।
ওই সংবাদ সম্মেলনে সমকামীদের বিয়ের অধিকার পাওয়ায় হোয়াইট হাউসে যে রংধনু রং ছড়ানো হয়েছিল সে নিয়েও মন্তব্য করতে ভোলেননি ওবামা। তিনি বলেন, রংধনুর রংয়ে হোয়াইট হাউসকে সত্যিই দারুণ লাগছিল।
জেআই





