পাকিস্তানের আকাশে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দেশটির রাজধানী ইসলামাবাদের আকাশে এই বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এই খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

২৩ মার্চ অনুষ্ঠেয় পাকিস্তান দিবসের বিমান-কুচকাওয়াজে অংশ নেয়ার অনুশীলন চলাকালে রাজধানীর শাকাপারিয়ান এলাকায় এফ-১৬টি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট উইং কমান্ডার নুমান আকরাম নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৮০-এর দশকে সংগৃহীত এফ-১৬’র বহর পাকিস্তানের বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। এই বিমানের নানা সংস্করণ ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ। এর মধ্যে ব্লক-৫২’র বিমানগুলোকে সর্বাধুনিক হিসেবে বিবেচিত হয়।

পিএএফে ব্যবহৃত এফ-১৬’র বহরকে একাধিক আধুনিকায়ন করার মধ্য দিয়ে শত্রুর জন্য প্রাণঘাতী যুদ্ধবিমানে রূপান্তর করা হয়েছে।

এমবি