ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে প্রমাণ করেছে তাদের ওপর কোনো আস্থা রাখা যায় না। আলাউদ্দিন বোরুজেরদি তেহরানে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তিউমিউয়াকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।
তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, মার্কিন কর্মকর্তাদের এ পদক্ষেপ জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সাক্ষরিত পরমাণু চুক্তির লঙ্ঘন। আলাউদ্দিন বোরুজেরদি চলমান পরমাণু আলোচনার কথা উল্লেখ করে বলেছেন, সংলাপ প্রক্রিয়া ও প্রতিশ্রুতি পালনে ইরান বদ্ধ পরিকর।
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান তার বক্তব্যের অন্য অংশে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিস্তার সম্পর্কে বলেছেন, আমেরিকা ও তার মিত্রদের উস্কানিতে এ অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদ ও সহিংসতার বিস্তার ঘটেছে এবং এসব সন্ত্রাসীরা মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টি করা ছাড়াও সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।
এ সাক্ষাতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীও দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচক হিসেবে অভিহিত করে বলেছেন, তার দেশের সরকার আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের সঙ্গে আরো সম্পর্ক বিস্তারে আগ্রহী। তিনি বলেছেন, ইউরোপের দেশগুলো পরমাণু সমস্যা সমাধানের পাশাপাশি ইরানের সঙ্গে আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সম্পর্ক জোরদার করতে চায়। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





