মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিখোঁজ ছাত্রদের অনুসন্ধানে দ্বিতীয় সম্ভাব্য গণকবরের খোঁজ পেয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম জানান, গ্রেফতার করা মাদকচক্রের দুই সদস্য তাদের গুয়েরেরো রাজ্যের ওই স্থানটির সন্ধান দিয়েছে।

নতুন ওই গণকবরটির অবস্থান কোকুলা শহরে। ওই স্থানটি নিখোঁজ ছাত্রদের সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল সে স্থান থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত।

চলতি মাসের শুরুতে দেশটিতে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু কবর খুঁড়ে সেখানে নিখোঁজ ছাত্রদের কোনো লাশ পাওয়া যায়নি।

গত ২৬ সেপ্টেম্বর ইগুয়ালা শহরে আন্দোলনকালে নিখোঁজ হওয়া ৪৩ ছাত্রকে পুলিশ মাদকচক্রের সদস্যদের হাতে তুলে দেয় বলে অভিযোগ রয়েছে। শহরটির মেয়র ও তার স্ত্রী পুলিশকে ছাত্রদের আটক এবং মাদচক্রের সদস্যদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনার পর এ পর্যন্ত জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনার জেরে রাজ্যটির গভর্নর পদত্যাগ করেছেন।

এদিকে এ ঘটনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইগুয়ালার মেয়র জোসে লুইস আবার্কা, তার স্ত্রী মারিয়া দি লস অ্যাঞ্জেলস পিনেদা ও পৌরসভাটির পুলিশ প্রধান ফিলিপ ফ্লোরস এখনও পলাতক রয়েছেন। তাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

ইআর