মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে প্রকৃত যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন। বুধবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ইউক্রেনে আমরা একটি সামরিক সংঘাতে লিপ্ত হতে যাচ্ছি না।"
আমেরিকা ক্রিমিয়ার কাছে মোতায়েনের জন্য গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটুন কৃষ্ণসাগরে পাঠানোর পর এ মন্তব্য করলেন ওবামা। ক্রিমিয়া উপকূল থেকে মাত্র কয়েকশ' কিলোমিটার দূরে রুমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয়ার জন্য ওই ডেস্ট্রয়ার পাঠিয়েছে ওয়াশিংটন।
ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডে অন্তর্ভূক্ত করার যে উদ্যোগ রাশিয়া নিয়েছে ওবামা তার নিন্দা জানালেও বলেছেন, এ ইস্যুতে যুদ্ধ শুরু করবে না তার দেশ। তবে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য রাশিয়ার ওপর মার্কিন সরকার চাপ প্রয়োগ করে যাবে বলে জানান তিনি।
গত রোববার ইউক্রেনের স্বশাসিত উপদ্বীপ ক্রিমিয়ার ৯৭% জনগণ রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার পক্ষে রায় দেয়। এর পরদিন সোমবার একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে ক্রিমিয়ার পার্লামেন্ট। এরপর মঙ্গলবার ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করার জন্য চুক্তি সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ঘটনার পরপরই রাশিয়া ও ক্রিমিয়ার বেশ কয়েকজন কর্মকর্তার ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন।
মার্কিন প্রেসিডেন্ট এনবিসি নিউজকে বলেন, "আমার মনে হয় ইউক্রেনও চাইবে না বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে যাক আমেরিকা। কারণ, যুদ্ধ লাগলে তা ইউক্রেনের জন্যও ভাল হবে না।" এর আগে ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভূক্তির পক্ষ সমর্থন করে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, ক্রিমিয়া সব সময় রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তার সরকার একটি 'ঐতিহাসিক ভুল' সংশেধান করেছে।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না আমেরিকা: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে প্রকৃত যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন।





