ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে রুশ হামলার দ্বিতীয় দিন শুরু হয়েছে আজ শুক্রবার। গত রাতেই রুশ বাহিনী কিয়েভের উপকণ্ঠে চলে এসেছিল। অনেকে আশঙ্কা করছে, রাশিয়ানরা কিয়েভ দখল করে নেবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে মধ্য কিয়েভে দুটি এবং একটু দূরে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হারাশচেনকো বলেছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, ক্রুজ বা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়ে থাকতে পারে।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী এ ব্যাপারে কিছু জানায়নি।
রুশ সৈন্যরা রাজধানী কিয়েভের প্রান্তে
বিবিসি শুক্রবার রাতে জানায়, ইউক্রেনের রাজধানী থেকে বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানাচ্ছেন রুশ সৈন্যরা রাজধানী কিয়েভ থেকে ২০ মাইল দূরে আন্তোনভ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে সকাল থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিমান ঘাঁটির কাছাকাছি এলাকা থেকে করা মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএনের লাইভ রিপোটিং চলার সময় রুশ প্যারাট্রুপারদের চোখে পড়ছে।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা পাল্টা হামলা চালিয়েছে।
তবে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যারা যা ধারনা করেছিলেন রুশ সৈন্যরা তা চেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে।
রাশিয়া এখন কী করবে?
পল অ্যাডামস বলছেন কিয়েভের বাইরে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার পর এখন রুশ প্যারাট্রুপাররা হয়ত অগ্রসরমান রুশ সাঁজোয়া বাহিনীর জন্য অপেক্ষা করবে নতুবা ঐ ঘাঁটি থেকে নিজেরাই কিয়েভের ওপর হামলা শুরু করবে। ব্যাপারটি যেকোনো সময় ঘটতে পারে।
কিয়েভে এখন কারফিউ। রুশ বিমান হামলার ভয়ে মাঝে মধ্যে সাইরেন বাজছে। মানুষজনকে নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে। অনেকে পাতাল রেল স্টেশনগুলোতে গিয়ে বসে আছেন।
সকাল থেকে হাজার হাজার মানুষ কিয়েভ ছাড়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন।
এমআর





