সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সরকার ও রুশ বিমান হামলায় কমপক্ষে ৪১ বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন সিরিয়া সিভিল ডিফেন্স। এতে আহত হয়েছেন অন্তত ২৫০ জন।
রোববার সকাল ৮টার দিকে এ হামলা চালানো হয়।
সিরিয়া সিভিল ডিফেন্সের দোমা শাখার কর্মকর্তা আহম্মদ বলেন, সরকারি বাহিনী ও রাশিয়ার যুদ্ধবিমান ও রকেট হামলার লক্ষ্যবস্তু ছিল দামস্কের ঘোটা।
তিনি দাবি করেন, শুধু ঘোটার দোমাতেই এই হামলায় নয় শিশুসহ কমপক্ষে ৪১ বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২৫০ জন। আল-হোসনে আল-বসরি নামের একটি স্কুল এই হামলার শিকার হয়। হামলায় স্কুলটির চার শিক্ষার্থীসহ প্রিন্সিপাল নিহত হয়েছে। আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহম্মদ বলেন, গত তিন মাস ধরে এই এলাকাতে নিয়মিতভাবে রকেট ও বিমান হামলা চালানো হচ্ছে। হামলায় একজন যোদ্ধাও নিহত হয়নি। নিহতরা সবাই বেসামরিক লোক। সিরিয়ায় সশস্ত্র যুদ্ধের চরম মূল্য দিচ্ছে বেসামরিক লোকজন।
লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ২৮ বেসামরিক লোক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে তারা জানিয়েছে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তথ্যসূত্র : আলজাজিরা
এমএম





