এই প্রথম এক কিশোরের কাছে সিগারেট বিক্রির জন্য গ্রেফতার হলেন ভারতের মুম্বাইয়ের এক তামাক বিক্রেতা।
সংশোধিত কিশোর অধিকার আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কারো কাছে তামাকজাত দ্রব্য বা অ্যালকোহল বা যে কোনো নেশার বস্তু বিক্রি জামিন অযোগ্য অপরাধ। অপরাধ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। হতে পারে সর্বাধিক ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা। ১৫ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হওয়ার পর এই প্রথম কাউকে গ্রেফতার করা হলো।
মুম্বাই পুলিশের যুগ্ম-কমিশনার অতুলচন্দ্র কুলকার্নি জানিয়েছেন, ডন বসকো স্কুলের এক ছাত্রের কাছে সিগারেট বিক্রির সময় হাতেনাতে ধরা পরেছেন ওই বিক্রেতা। অপরাধ বিভাগ এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে ধরা হয় তাকে।
২০০৩ সালের আইন অনুযায়ী এতদিন পর্যন্ত নাবালকদের কাছে সিগারেট ও তামাকজাত দ্রব্য বিক্রি করলে শাস্তি ছিল সর্বাধিক ২০০ টাকা জরিমানা। কিন্তু সেই আইনে ঠেকানো যায়নি নাবালকদের মধ্যে নেশার প্রবণতা। বন্ধ করা যায়নি তাদের তামাকজাত দ্রব্য বিক্রি। এখনো এ দেশে প্রত্যেকদিন অন্তত ৫ হাজার ৫০০ জন শিশু বা কিশোর দোকান থেকে সরাসরি তামাকজাত দ্রব্য কিনে নেশা করে।
এমই
সূত্র : আনন্দবাজার





