ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে সমালোচনা করে খোদ ইসরাইলের নাগরিকরাই এখন বিপদের মুখে পড়েছেন। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে যারা সরব ছিলেন তাদের অনেকে এখন গোয়েন্দা নজরদারিতে পড়েছেন, অনেককে আবার জোর করে চাকরি থেকে বহিষ্কার করা হচ্ছে।
এ ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ। পত্রিকাটি জানিয়েছে, নানা হয়রানির শিকার হচ্ছেন ইসরাইলের মানবাধিকার সংগঠনের লোকজনও। গাজা যুদ্ধের সমালোচনা করায় এরইমধ্যে ইসরাইলের ন্যাশনাল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক সার-শ্যালম জেরবি মানবাধিকার সংগঠন বেইত সালেমকে কালো তালিকাভুক্ত করেছেন। ইসরাইলের দখলদার সরকারকে অচল করে দেয়া এবং তথ্য প্রচার করে ইসরাইলের শত্রুদেরকে আত্মবিশ্বাসী করে তোলার অভিযোগ আনা হয়েছে এ সংগঠনের বিরুদ্ধে। এছাড়া, সংগঠনটি সারা বিশ্বে ইহুদি-বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
সমালোচনকারীদের বিরুদ্ধে ইসরাইলের এবারের ব্যবস্থা নেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কেশেভ সেন্টার ফর দ্যা প্রটেকশন অব ডেমোক্রেসি’র কর্মকর্তা ইহজার বীর। তিনি ইসরাইলের পদক্ষেপকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “অভ্যন্তরীণ ও বাইরের চাপের কারণে এখন আমাদের সমাজটাই ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে।”
গাজায় ইসরাইলের বিমান বাহিনীর পাইলটদের নিষ্ঠুর ও ঘৃণ্য হামলার বিরুদ্ধে কলম ধরায় হারেৎজ পত্রিকার ভাষ্যকার গিডিওন লেভির জন্য দেহরক্ষী নিয়োগ দিতে হয়েছে। এছাড়া, অফিস-আদালতে অনেককে করা হচ্ছে একঘরে। সূত্র: রেডিও তেহরান
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





