সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় ৮২ বছর বয়সী সাবেক এক পূরাকীর্তি পরিচালকের শিরশ্ছেদ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
অনলাইনে আইএস সমর্থকদের প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, পালমিরায় খালেদ আল আসাদের লাশ একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়েছে।
সিরিয়ার পুরাকীর্তি বিভাগের প্রধান মামুন আব্দেলকরিম বার্তা সংস্থা এএফপি’কে বলেন, মধ্যাঞ্চলের হোমস প্রদেশের পালমিরায় মঙ্গলবার বিকেলে জিহাদিরা সাবেক পূরাকীর্তি পরিচালক আসাদের শিরñেদ করেছে।
তিনি বলেন, ‘আইএস সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পূরাকীর্তি বিশেষজ্ঞকে হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ‘আসাদ ৫০ বছর পালমিরার পূরাকীর্তি বিভাগের প্রধান ছিলেন এবং ১৩ বছর আগে তিনি অবসরে যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।’
আব্দেলকরিম বলেন, এই পূরাকীর্তি বিশেষজ্ঞকে শিরশ্ছেদ করার পর তার লাশ পালমিরার একটি প্রাচীন ধ্বংসাবশেষে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা গেছে, প্রধান সড়কে আপাতদৃষ্টিতে ল্যাম্পপোস্টের মত একটি স্তম্ভে একটি লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আর লাশের সঙ্গে একটি সাইন সংযুক্ত করে দেয়া হয়েছে এবং তাতে লেখা রয়েছে এটা আসাদের লাশ।
তিনি বলেন, এক মাস আগে আইএস যোদ্ধারা আসাদকে আটক করে এবং তারা নগরীতে ‘স্বর্ণের গুদাম’খুঁজছিল। তিনি আরো বলেন, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি, এগুলোর কোন হদিস পাওয়া যায়নি।’
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, পালমিরায় পাবলিক স্কয়ারে জনসম্মুখে আসাদকে হত্যা করা হয়েছে।
পালমিরাকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচনা করা হয়। গত মে মাসে আইএস জঙ্গিরা সিরিয় সরকারের কাছ থেকে পালমিরা দখল করে নেয়। সরকারি বাহিনীর হামলা সত্ত্বেও পালমিরা এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।
পালমিরার প্রাচীন নিদর্শন জাতিসংঘের সংস্থা ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
জেডআই





