মেক্সিকোতে আতশবাজির বাজারে ভয়াবহ বিস্ফোরণে ২৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত কমপক্ষে ৭২ জন।
মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে উঠে মেক্সিকোর সবচেয়ে বড় আতশবাজির বাজার।
ঘটনাস্থল মেক্সিকো সিটি থেকে ৩২ কিমি উত্তরে অবস্থিত টুলতেপেকের সান পাবলিতো বাজি বাজার। উদ্ধারকাজ চলছে।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন টুলতেপেক বিপর্যয় মোকাবিলা বিভাগের ইসিদ্রো স্যাঞ্চেজ। সামনেই বড়দিন, তাই ওই এলাকার প্রতিটি বাড়িতেই বাজি তৈরির কাজ হচ্ছিল। আর সেকারণেই দুর্ঘটনাটি ভয়াবহ রূপ নিয়েছে।
তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটল, সেটা এখনও পরিস্কার নয়। ঘটনার পিছনে নাশকতার ছক ছিল কি না সেই আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে। এদিনের বিস্ফোরণের পর গোটা বাজারে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, অনেকদূর থেকেও ধোঁয়া লক্ষ্য করা যায়।
স্থানীয় একটি সংবাদমাধ্যমে বিস্ফোরণের পর বাজি ফাটার শব্দ এবং ধোঁয়ার ছবি দেখে শিউরে ওঠেন অনেকেই। যদিও কয়েকদিন আগেই এই বাজির বাজারটিকে নিরাপদ আখ্যা দিয়েছিল স্থানীয় প্রশাসন। তারপরেও এই দুর্ঘটনা কীভাবে ঘটল, সেই প্রশ্ন উঠছে।
এর আগে ২০০৫ সালের সেপ্টেম্বরে এখানেই আগুন লেগেছিল। আহত হয়েছিলেন ১২৫ জন ক্রেতা এবং দোকানদার। এক ক্রেতার অসাবধানতার কারণেই সেবার আগুন লেগেছিল। এদিনের ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
এমবি





