অবশেষে সিআইডির হাতে গ্রেফতার হলেন কোলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনান। গতকাল (মঙ্গলবার) রাতে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) তাকে কোলকাতায় এনে প্রেসিডেন্সি জেলে রাখা হবে।

আদালত অবমাননার অভিযোগে গত ১০ মে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃ্ত্বাধীন ৭ সদস্যের সমন্বিত বেঞ্চ। সুপ্রিম কোর্ট তাকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল।

বারবার তলব করা সত্ত্বেও বিচারপতি কারনান সুপ্রিম কোর্টে হাজিরা না দেয়ায় সুপ্রিম কোর্ট ওই আদেশ দেয়। কারনান অবশ্য পাল্টা পদক্ষেপে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতিকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। নজিরবিহীনভাবে পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে গত ১২ জুন তিনি অবসর গ্রহণ করেন।

গত ২৩ জানুয়ারি বিচারপতি কারনান প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের বর্তমান ২০ বিচারপতির তালিকা পাঠিয়ে বিচারবিভাগে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানান। সুপ্রিম কোর্ট ওই বিষয়টি আমলে নিয়ে বিচারপতি কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠায়।

কিন্তু তাতে সাড়া না দিয়ে আদালতের রেজিস্ট্রার জেনারেলকে পাল্টা চিঠি লিখে হাইকোর্টের কর্মরত বিচারপতির বিরুদ্ধে কার্যধারা শুনানিযোগ্য নয় বলে মন্তব্য করেন। প্রধান বিচারপতির বিরুদ্ধেও তিনি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। এমনকী ‘দলিত’ বলে তার ওপর অত্যাচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

গ্রেফতারের নির্দেশ কার্যকর হওয়ার আশঙ্কায় তিনি কোলকাতা ছেড়ে ভিন রাজ্যে গাঁ ঢাকা দিয়েছিলেন। অবশেষে সিআইডি এবং কোলকাতার বিধাননগর সিটি পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেফতার করতে সামর্থ্য হয়েছে। আজই তাকে কারাগারে পাঠানো হবে।

জেড