আফগানিস্তানে তালেবানদের এক ভয়াবহ হামলায় অন্তত ২২ আফগান সেনা নিহত হয়েছেন। সোমবার রাজধানী কাবুলের উত্তরাঞ্চলীয় প্রদেশ সার-ই-পুল এ এই হামলা চালায় তালেবান যোদ্ধারা। আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রদেশের লাঘমান উপত্যকা দিয়ে আফগান সেনাবাহিনীর সদস্যরা যাওয়ার সময় পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল থেকে হামলা চালায় তালেবান যোদ্ধারা। সার-ই-পুলের প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, বেশ কয়েকটি গাড়িতে করে যাওয়ার সময় এ হামলা চালানো হয়। এতে গাড়িগুলো বিধ্বস্ত হয়েছে।
উল্লেখ্য, সোমবার ভোরে রাজধানী কাবুলে ন্যাটোর বহর লক্ষ্য করে এক আত্মঘাতী হামলা চালায় তালেবানরা। এতে এক বেসামরিক ব্যক্তি নিহত ও ন্যাটোর ৩ সেনা আহত হয়।
এদিকে, সোমবার দেশটির পাকতিয়া প্রদেশে ন্যাটোর বিমান হামলায় অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হন। নিহতদের মধ্যে ৯ বছরের এক শিশুও রয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটাই ন্যাটোর প্রথম বিমান হামলা। সূত্র: বিবিসি
এসএমএ





