আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ১০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের সানজিন জেলায় গত পাঁচ দিন ধরে চলা সংঘর্ষে ৩৫ জন সাধারণ মানুষ ও ২১ জন সেনাসদস্যও নিহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি'র।

হেলমান্দ প্রদেশের স্থানীয় এক নেতা জানান, এই সংঘর্ষের জেরে ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে দু’হাজার পরিবার। হেলমান্দ প্রদেশের সানজিন জেলাটি মাদক পাচার ও সশস্ত্র বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

তবে হতাহতের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। কেননা এর আগে মঙ্গলবার তালেবানের এক মুখপাত্র দাবি করেন, সংঘর্ষে শুধুমাত্র তাদের দু’জন নিহত হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর ৪০ জন সদস্য এ ঘটনায় মৃত্যুবরণ করেছে।

আফগানিস্তানের নিজস্ব কোনো বিমান বাহিনী না থাকায় ওই এলাকায় দেশটির সেনাবাহিনী তালেবানদের সঙ্গে পেরে উঠছে না। এদিকে জনবসতির নিরাপত্তার কথা চিন্তা করে ওই এলাকায় ন্যাটো বাহিনীর সহায়তায় বিমান হামলার বিষয়টিও নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। সূত্র: বিবিসি

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ