আফগান কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে কথিত জঙ্গি সংগঠন আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালানোর চেষ্টাকালে মার্কিন বিমান হামলায় ১৬ জন বেসামরিক লোক নিহত হন। কিন্তু মার্কিন সামরিক বাহিনী জোর দিয়ে বলছে যে, নিহতরা চরমপন্থী যোদ্ধা ছিল। খবর নিউ ইয়র্ক টাইমসের।
নানগারহার প্রদেশের দক্ষিণাংশে হাস্কা মিনা জেলার গভর্নর হাজি সাজ ওয়ালি বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু সহ ৮ জনের এক পরিবারও ছিল। আফগান কর্মকর্তাদের মতে, বেসামরিক নাগরিককে হত্যা করতেই ২৪ জুলাই এর পর গত বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয়বারের মতো এ জঙ্গি বিমান হামলা চালানো হয়। হাজি সাজ ওয়ালি আহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত না বলে জানান।
আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন যে, বিমান হামলায় নিহত ব্যক্তিদের একটি গাড়ির মধ্যে অস্ত্র ভর্তি করতে দেখা গিয়েছে। কিন্তু আফগান কর্মকর্তাদের মতে, গাড়িতে করে তারা ভ্রমণ করছিলেন।
মোহাম্মদ খান (৪২) নামক একজন ট্রাক ড্রাইভার বলেন, তিনি এ বিমান হামলায় ২ শিশু ও ২ নারী সহ পরিবারের ৬ জনকে হারিয়েছেন। গাড়িতে করে পরিবারসমেত পালানোর সময় তাদের ওপর এ বিমান হামলা হয়।
এদিকে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এ হতাহতের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।
এমএনজে





