ভারতকে আমন্ত্রণ জানানোয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বয়কট করেছে পাকিস্তান।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী সংসদে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে অতিথি করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ডন ও জি নিউজের।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার ও শনিবার ওআইসির ৪৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে বুধবার একটি আবেদন জানিয়েছিল পাকিস্তান। কিন্তু তারপরও ৪৬তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানো হয়।

পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের পক্ষ থেকে ওআইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল; ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অতিথি না করার ব্যাপারে। কিন্তু তারা জানিয়েছে বিষয়টি তাদের জন্য কঠিন। এই কারণে পাকিস্তান ওই সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে এ বিষয়ে দু’বার কথা হয়েছে জানিয়ে মাহমুদ কোরেশী বলেন, ভারত ওআইসির সদস্যই নয়। আমি শেখ আবদুল্লাহকে বলেছি, ওআইসির প্রতিষ্ঠা থেকে পাকিস্তানের সহযোগিতা রয়েছে। ভারতকে আমন্ত্রণ জানানোর বিষয়টি আবার ভেবে দেখবেন। তিনি আমাকে জানিয়েছেন, ভারতকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন পুলওয়ামা হামলার ঘটনা ঘটেনি। আমন্ত্রণ জানানোর পর আবার তা ফিরিয়ে নেওয়া আমাদের জন্য কঠিন হবে।

এদিকে ভারত-পাকিস্তান সংকটের মধ্যেই বৃহস্পতিবার আবুধাবিতে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও রাখেন। ওআইসি সম্মেলনে দেয়া বক্তব্যে আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন সুষমা স্বরাজ।

পাকিস্তান শুরু থেকেই ঘোষণা দিয়েছিল, ওআইসির বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তারা অংশ নেবে না।

এ বিষয়ে পাকিস্তানের পক্ষে দাড়িয়েছে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তুরস্ক মনে করে ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। তাই সুষমা স্বরাজের ওআইসির বৈঠকে অংশগ্রহণের কোনো অধিকার নেই।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক মনে করে ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। তাই সুষমা স্বরাজের ওআইসির বৈঠকে অংশগ্রহণের কোনো অধিকার নেই।

এমআর