আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হবে। মিশরের মধ্যস্থতায় রাজধানী কায়রো এ আলোচনা হবে বলে দেশটির সরকারি কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

ফিলিস্তিনের একজন কর্মকর্তাও জানান, আগামী ২৪ সেপ্টেম্বর আলোচনা শুরুর জন্য ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছে মিশর। এ আলোচনায় ফিলিস্তিনের পক্ষে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ও খালেদ মেশালের নেতৃত্বাধীন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতারা অংশ নেবেন।

গত ২৬ আগস্ট মিশরের রাজধানী কায়রোয় সই হওয়া এক চুক্তির ফলে ইসরাইল ও হামাসের মধ্যকার ৫০ দিনের অসম যুদ্ধ বন্ধ হয়। এখন চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এবং খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা হবে। চুক্তি অনুযায়ী গাজার বিমান ও সমুদ্রবন্দর চালু করার সুযোগ দেয়ার কথা রয়েছে। এ ছাড়া, গাজার ওপর থেকে ইসরাইলের অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ