বাংলাদেশি অনুপ্রবেশ, গরু, অস্ত্র ও মাদক পাচার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ভারত। এ জন্য বেনাপোলের জল সীমান্তে ভারতীয় বিএসএফ এবং পুলিশের যৌথ টহল ও অভিযান শুরু হচ্ছে।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠকের পর বিএসএফ এবং উত্তর চব্বিশ পরগণা জেলার পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পশ্চিম বাংলার এই জেলার সাথে ১১৮.০৫ কিলোমিটার এলাকা ভারত বাংলাদেশ স্থল সীমান্ত এবং ১১৫.০২ কিলোমিটার এলাকা জল সীমান্ত রয়েছে। অর্থাৎ যা স্থল সীমান্তের চেয়ে জল সীমান্ত মাত্র ৩ কিলোমিটার কম।
বিএসএফের দাবি এই বিরাট জল সীমান্ত এলাকা কার্যত অরক্ষিত হয়ে আছে। অনুপ্রবেশকারী এবং অপরাধীরা এই পথ নিরাপদ রুট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করছে।
জল সীমান্তে যৌথ অভিযানের উপর গুরুত্ব দেয়ার কারণ হিসেবে উত্তর ২৪ পরগণার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, শুধুমাত্র সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকে বিএসএফরা।
কিন্তু অনেক সময় দেখা যায়, সীমান্তে বিএসএফ কোন অপরাধীকে তাড়া করলে সে রাজ্য পুলিশের এলাকায় ঢুকে পড়ে।
তখন আইন মাফিক বিএসএফ তাকে গ্রেফতার করতে পারে না। তাছাড়া সীমান্তের বাইরে পুলিশের সীমানা সম্পর্কে বিএসএফের ততটা জানা থাকে না।
পুলিশ এবং বিএসএফের মধ্যে সীমানা নিয়ে অনেক সময় কার কোন দায়িত্ব তা নিয়েও জটিলতার সৃষ্টি হয়। এ সময় সমস্যার জন্যই বিএসএফ এবং পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছেন।
সীমান্তে তল্লাশির সময় পূর্বে বিএসএফের সাথে সিভিল ভলান্টিয়ার্স থাকত এবার পুলিশও থাকবে। জল সীমান্তে স্পীডবোটে তল্লাশি চালাবে বিএসএফ এবং ভারতীয় পুলিশ। যাতে আইনগত কোন সমস্যা না হয়। উত্তর চব্বিশ পরগণা জেলার হেম নগরে পুলিশের কোস্টাল থানা রয়েছে। সেখানে জল সীমান্তে পুলিশ পাহাড়া দেয়।
বেনাপোলে ওপারে ভারতের পেট্রাপোলে পুলিশের কোন থানা না থাকায় এবার পেট্রাপোলে একটি নতুন থানা তৈরীর উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র দফতর। পেট্রাপোলে এখন যে তদন্ত কেন্দ্রটি রয়েছে তা বনগাঁ থানার অধিনে। এতো বড় এলাকার অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য একটি তদন্ত কেন্দ্র যথেষ্ট নয়। তাই পেট্রপোলে নতুন থানা তৈরী হচ্ছে।
গত ১৫ জুলাই উত্তর চব্বিশ পরগণার পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী এবং বিএসএফের এক কমান্ডার বেনাপোলের পুটখালি সীমান্তের ওপারে গাইঘাটার থানার আংরাইল সীমান্তের ইছামতি নদীর জল সীমান্ত পরিদর্শন করেন। ইতিমধ্যে ইছামতি নদীতে স্পীড বোটে বিএসএফ টহল শুর করেছে।
এআর





