রাশিয়ানদের সতর্ক হতে হবে, সামনে কঠিন সময় আসছে। আর এই কঠিন সময় পারি দিতে হলে আত্মনির্ভরশীল হতে হবে। ইউরোপিয়ন ইউনিয়নের নিষেধাজ্ঞার পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমনটাই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।খবর বিবিসির।

বৃহস্পতিবার সংসদে জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে পুতিন এসব কথা বলেন। এসময় দেশটির আইনপ্রণেতাসহ বিভিন্ন পর্যায়ের ১ হাজার ১০০ ব্যক্তি পার্লামেন্টে উপস্থিত ছিলেন।

পুতিন অভিযোগ করেন, পশ্চিমারা জোর করে রাশিয়াকে ‘একঘরে’করে রাখার চেষ্টা করছে। অনৈতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে তারা।

প্রতিবেশি দেশ ইউক্রেনের সংকট নিরসনে ভূমিকা রাখার জন্য পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা এবং তেলের মূল্যহ্রাসের কারণে বিপদে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুতিন।

ভাষণে পুতিন আবারও দাবি করেছেন, ক্রিমিয়ার অধিবাসীরা রাশিয়ান। ইউক্রেনের সঙ্গে ক্রিমিয়ার বিচ্ছেদ এবং রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়াকে সময়ের দাবি বলে উল্লেখ করেছেন তিনি।

রুশ মুদ্রা রুবলের মূল্যমান ১৯৯৮ সালের পর সোমবার সবচেয়ে কম হয়েছিল বলে উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।

ডলারের বিপরীতে এদিন ৯ শতাংশ মূল্য কমে রুবলের। বৃহস্পতিবার সকালে এই মান ছিল : প্রতি ডলারে ৫২ দশমিক ৮১ রুবল।

সামনের বছর রুবলের মূল্যমান ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়, রুশ সরকার ইতোমধ্যে আঁচ করেছে যে, আগামী বছর অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে দেশটি।

ইআর