বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান 'বোয়িং'কে ইরানের কাছে বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমতি দিয়েছে আমেরিকা। ফলে, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এই প্রথম বিমানের যন্ত্রাংশ বিক্রি করতে যাচ্ছে বোয়িং। শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।
ইরানে বিমানের যন্ত্রাংশ সরবরাহে এতদিন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল আমেরিকা। ফলে, পুরনো যন্ত্রাংশ দিয়েই চলছিল ইরানের বিমান পরিবহন। ইরানের পরিবহন বিমানের সবই ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগেকার। ফলে, প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে ইরানের বিমানে। গত ২৫ বছরে ইরানে দুই শতাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
গত বছরের নভেম্বরে জেনেভায় আমেরিকাসহ ছয় শক্তির সঙ্গে ইরানের একটি প্রাথমিক চুক্তির পর কিছু বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয় আমেরিকা। এরই অংশ হিসেবে বিমানের যন্ত্রাংশ বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। চুক্তির অংশ হিসেবে ইরান ছয় মাসের জন্য পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয়।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। তখন তেহরানস্থ মার্কিন দূতাবাস ও এতে থাকা ৫২ জন আমেরিকানকে ৪৪৪ দিন অবরুদ্ধ করে রাখেন বিপ্লবী জনগণ। এর ফলে আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় ইরানের। সেই থেকে বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাখে ইরানের উপর।
নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি ইরানের ১৮টি বিমানের ইঞ্জিন পরীক্ষা করে দেখার অনুমতি দিয়েছে জেনারেল ইলেকট্রিককে। এসব ইঞ্জিন ১৯৭০'র দশকে ইরানের কাছে বিক্রি করেছিল মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]