মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে ৯ হাজার ৮০০ মার্কিন সেনা মোতায়েন থাকবে বলে ঘোষণা দিয়ে বলেছেন, যুদ্ধ শুরু করার মতো শেষ করা অত সহজ নয়। এসব মার্কিন সেনার বেশিরভাগই মোতায়েন থাকবে রাজধানী কাবুল এবং বাগরাম ঘাটিতে। হোয়াইট হাউজে থেকে প্রকাশিত এক বিবৃতিতে আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার এ পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এ পরিকল্পনায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আফগান সেনাদের স্বতন্ত্রভাবে অভিযান পরিচালনার প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনারা। কিন্তু এর এক ঘণ্টা আগে দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, মার্কিন সেনাদের সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে আফগান সেনারা। কাবুল-ওয়াশিংটন যৌথ নিরাপত্তা সংক্রান্ত চুক্তি সইয়ের ওপর ২০১৪ সালের ডিসেম্বরের পর আফগানিস্তানে  মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত রাখার বিষয়টি নির্ভর করছে। মার্কিন সেনাদের দায়মুক্তি দিতে অস্বীকার করে এ চুক্তি সই করতে রাজি হননি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট এ চুক্তি সই করবেন বলে আশা করছে ওবামা প্রশাসন। অবশ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে স্টেট অব ইউনিয়ন ভাষণে ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। পেন্টাগনের হিসাব অনুযায়ী ১৩ বছরের যুদ্ধে আফগানিস্তানে অন্তত ২,১৮১ মার্কিন সেনা নিহত হয়েছে। অবশ্য আহত বা পঙ্গু সেনাদের সংখ্যা মার্কিন কর্তৃপক্ষ কখনোই ঘোষণা করেনি। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]