ইরাকে সেনা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দপ্তরের এমন পরিকল্পনা বাস্তবায়নে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে প্রস্তাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থ রয়টার্স জানিয়েছে, ইরাকের সামরিক বাহিনীকে সহায়তা দিতে কিছু প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ডানফোর্ড পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডানফোর্ড বলেন, প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এবং আমি মনে করি কয়েক সপ্তাহের মধ্যেই ইরাকে সেনা বৃদ্ধি করতে হবে। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সেনা সহায়তা বাড়ানো হলে ইরাকি সামরিক বাহিনী মসুল শহর দখলে নিতে পারবে। অবশ্য, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দীর্ঘদিন ধরেই মসুল শহর নিয়ন্ত্রণ করছে।
যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনী নিশ্চিত করেছে, উত্তর ইরাকে প্রায় ২০০ মেরিন সেনা ও ভারী সমরাস্ত্র ইরাকি সেনাবাহিনীর সহায়তা করবে। আর এই যুদ্ধ বিমান হামলার মতো হবে না।
যুক্তরাষ্ট্রের সরকারের নথি অনুযায়ী তিন হাজার ৮৭০ মার্কিন সেনা ইরাকে অবস্থান করছে। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা পাঁচ হাজারের ওপর বলে ধরাণা করা হয়।
তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরাকে সেনা সংখ্যা বাড়ানো কিছুটা অস্বস্তির বিষয়। কারণ এর আগে দেশটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে।
এমআইএস।





