আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে অবশেষে। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে গত তিন মাস ধরে অচলাবস্থা চলছিল। নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে একটি সমঝোতার মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটলো।
মার্কিন যুক্তরাষ্ট্র রোরবার আফগানিস্তানে ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, ‘এটি ঐক্যের এক গুরুত্বপূর্ণ সুযোগ।’
এ চুক্তির মধ্য দিয়ে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে চলে আসা অচলাবস্থার অবসান হলো। গনি ও আবদুল্লাহ দু’জনেই নির্বাচনে বিজয় দাবি করেছিলেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ অ্যার্নেস্ট এক বিবৃতিতে বলেন, "এই রাজনৈতিক সমঝোতা চুক্তি স্বাক্ষর আফগানিস্তানের রাজনৈতিক সংকট অবসানে এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আস্থা ফেরাতে সহায়ক হবে।"
তিনি বলেন, "আমরা এই সমঝোতা সমর্থন করছি এবং পরবর্তী প্রশাসনের সাফল্য নিশ্চিত করতে তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।"
তিনি বলেন, "এই চুক্তিতে আফগানিস্তানের স্বীকৃত প্রয়োজনকে রাজনীতি বা ব্যক্তিগত ক্ষমতার ওপর অগ্রাধিকার দেয়া হয়েছে।"
রোববার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আবদুল্লাহ নতুন প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইসি) পদে তার পছন্দের প্রার্থী মনোনয়ন দেবেন। এই পদটি প্রধানমন্ত্রী পদের অনুরূপ হবে। ফলে আফগানিস্তান নতুন যুগে প্রবেশের প্রাক্কালে ক্ষমতার কৌশলগত ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
আর্নেস্ট বলেন, "এই চুক্তি ঐক্য এবং আফগানিস্তানে বর্ধিত স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে।"
রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের নেতৃবৃন্দের প্রতি এই চুক্তির প্রতি সমর্থন দান এবং সহযোগিতা ও শান্তির লক্ষ্যে একযোগে এগিয়ে আসার আহবান জানান।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





