তুরস্কে রোববার প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে সরাসরি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের মাঠে প্রতিযোগীতায় এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান।

তুরস্কের মোট জনসংখ্যা ৭ কোটি ৬০ লাখ। এদের মধ্যে ভোটার রয়েছে ৫ কোটি ৩ লাখ। স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

২০০৭ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়। সংশোধনের পর সাংবিধান অনুসারে তুরস্কের জনগণ প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করতে যাচ্ছে।

প্রেসিডেন্ট পদে এরদোগানের সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন একমেলুদ্দিন এহসানগুল এবং সেলাহাতিন ডেমিরতাস।

রক্ষণশীল পণ্ডিত ও কূটনীতিক একমেলুদ্দিন এহসানগুল ইসলামিক সহযোগীতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়েছে দেশের দুই প্রধান বিরোধী দল। দল দু'টি হলো বামপন্থী রিপাবলিকান পিপল'স পার্টি (সিএইচপি) এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি)। আল-জাজিরার খবরে বলা হয়, একমেলুদ্দিন এহসানগুল তুরস্কে একটি অপরিচিত মুখ।

অপর প্রার্থী সেলাহাতিন ডেমিরতাস তুরস্কের সংখ্যালঘু কুর্দি সম্প্রদায়ের একজন শীর্ষ নেতা। সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে সচেতন পিপল'স ডেমোক্রেসি পার্টি (এইচডিপি) তাকে সমর্থন দিচ্ছে। তুরস্কের কুর্দি সম্প্রদায়ের লোকজন পিপল'স ডেমোক্রেসি পার্টি (এইচডিপি) প্রাথমিকভাবে সমর্থন করে ।

এক জরিপে দেখা গেছে, নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান ৫৫.১% ভোট পাবেন। আর একমেলুদ্দিন এহসানগুল ৩৩% এবং সেলাহাতিন ডেমিরতাস ১১.৬% ভোট পেতে যাচ্ছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে অবশ্যই ৫০%-এর বেশি ভোট পেতে হবে। ৫০% এর কম ভোট পেলে ২৪ আগস্ট শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবারো ভোট হবে।

ইউসুফ আল কারযাভির সমর্থন

প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তায়েপ এরদোগানকে ভোট দেওয়ার জন্য তরস্কের নাগরিকদের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লাম ইউসুফ আল কারযাভি। তিনি বলেন, " আমি এরদোগানের সৎ, সতর্ক এবং শক্তিশালী নেতৃত্বকে সমর্থন করি এবং তাকে সমর্থন করার জন্য তুরস্কের জনগণকে আমন্ত্রণ জানাই।"

কারযাভি আরো বলেন, " এরদোগানের অবস্থান... দেখে মনে হচ্ছে তিনি এমন ব্যক্তি যার সাথে থাকার জন্য আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন।" সূত্র: আল-জাজিরা ও ওয়ার্ল্ডবুলেটিন।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই।