থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ধর্মীয় স্থাপনায় সোমবারের বোমা হামলার ঘটনাকে দেশটির ইতিহাসে সবচেয়ে বাজে ধরনের হামলা বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা।
ওই হামলায় বিদেশী পর্যটকসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।
প্রায়ুত জানান, হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। তবে শ্রাইন বা ধর্মীয় স্থাপনাটির নিরাপত্তা কাজে ব্যবহৃত ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির চিত্র পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইরাওয়ান শ্রাইন নামে খুব পরিচিত ধর্মীয় স্থাপনায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এর পরপরই রাস্তায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের আশপাশে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।
ব্যাংকক খুব জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসেন বিশেষ করে পশ্চিমা দেশ থেকে।
ইরাওয়ান শ্রাইন স্থাপনার মুল আকর্ষণ চারদিকে মুখ খচিত সোনালী রঙের একটি মূর্তি যেটি হিন্দু ধর্মের ব্রহ্মার একটি রূপ।
বৌদ্ধ ধর্মের বহু অনুসারীও প্রতিবছর এখানে প্রার্থনা করতে আসেন। এটি থাইল্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণও বটে। সূত্র: বিবিসি
এআর





