কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি প্রতিবেশী সৌদি আরবে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। বুধবার কাতারের আমিরের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, কাতারের আমির সৌদি আরবে দেশটির নতুন রাষ্ট্রদূত হিসেবে বানদার বিন মোহাম্মদ আল-আতিয়াকে নিয়োগ দিয়েছেন। বানদার আল-আতিয়া এর আগে কুয়েত ও জর্দানে কাতারের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাতারের ওপর আরোপ করা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের অবরোধ তুলে নেয়ার পর নতুন করে সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগের এই ঘোষণা দেয়া হয়।
এর আগে গত জুনে সৌদি আরব কাতারে নতুন রাষ্ট্রদূত হিসেবে মানসুর বিন খালেদ বিন ফারহান আল-সউদকে নিয়োগ দেয়।
এ বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল-উলা শহরে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সম্মেলনে এক চুক্তির মাধ্যমে সৌদি ও তার মিত্ররা ২০১৭ সালে কাতারের ওপর আরোপ করা অবরোধ তুলে নেয়। দেশগুলো পুনরায় কাতারের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও পর্যটন সম্পর্ক চালু করে।
এর মধ্যে মিসরের সাথেও জুনে রাষ্ট্রদূত বিনিময়সহ কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে কাতার।
তাদের মধ্যেকার বৈঠকের পরই কাতারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সন্ত্রাসবাদে সহযোগিতা ও ইরানের সাথে ঘনিষ্ট মিত্রতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত জোট কাতারের উপর কূটনীতিক, বাণিজ্যিক ও ভ্রমণের অবরোধ আরোপ করেছিল। তবে কাতার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছিল। তথ্যসূত্র : ডেইলি সাবাহ।
এবিএস





