ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আল বাগদাদী নামের শহরটি আইএস দখল করে নিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, গত কয়েক মাসের মধ্যে এবারই প্রথম নতুন করে কোনও এলাকা নিজেদের দখলে নিতে পেরেছে আইএস। তবে এটি ‘পরিস্থিতির অবনতি’ নয়।
তিনি বলেন, ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত আল বাগদাদী শহরের মাত্র দশ কিলোমিটারের চেয়েও কম দূরত্বে রয়েছে মার্কিন একটি সেনা ঘাঁটি।
মার্কিন এই সেনা ঘাঁটিতে-ও আইএস-এর যোদ্ধারা আত্মঘাতী বোমা হামলা করার পরিকল্পনা করেছিল এবং সেটিকে প্রতিহত করা হয়েছে।
এই ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অন্তত তিন শত সদস্য আছে, যারা ইরাকি সৈন্যদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, গতবছর থেকে ইরাক ও সিরিয়ায় ব্যাপকভাবে নিজেদের কর্মকাণ্ড চালাচ্ছে আইএস এবং সেই কর্ম তৎপরতার অংশ হিসেবেই এই দু'টো দেশের বিরাট এলাকা আইএস দখল করে নিয়েছে। আইএস-কে ঠেকাতে এখন একযোগে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ। সূত্র: বিবিসি।
কেএইচ





